শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪১, ৮ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
অতীতে মানুষকে ধোঁকা দেওয়ার হাতিয়ার হিসেবে পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিতুমীর বলেন, পরিসংখ্যানের কাজ সঠিক তথ্য তুলে ধরা। অথচ অতীতে মিথ্যা তথ্য দেওয়ার কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এ অবস্থা পরিবর্তনে সরকার নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
অতীতের তথ্যের অসংগতির উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা ১৩ হাজার দেখানো হলেও প্রকৃত সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার। এ ধরনের ভুল তথ্যের কারণে নীতিনির্ধারণ ও সরকারি সেবা কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে।
তিনি জানান, পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক মান অনুসরণ, জননীতি ও সরকারি সেবায় নির্ভুল তথ্যের ব্যবহার এবং সবার জন্য তথ্য সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী শনাক্ত করতে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারের কথাও জানান অর্থ উপদেষ্টা। পাশাপাশি সরকারি সংস্থাগুলোর তথ্যভান্ডারের মধ্যে সমন্বয় এবং গবেষক ও সাধারণ মানুষের জন্য তথ্য উন্মুক্ত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও ওপেন ডাটা পলিসি প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই