শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৬, ৮ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ড্রাম ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় কানুরামপুর-ত্রিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা বাসস্ট্যান্ড থেকে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে বাহাদুরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান।
খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত দুজনের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাঁরা নেত্রকোনা থেকে পিকআপে উঠেছিলেন। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুজ্জামান খোকন জানান, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই