ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাজেকে সেনা অভিযানে অস্ত্র-গুলি ও চাঁদার রশিদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২০:১৪, ৭ নভেম্বর ২০২৬

সাজেকে সেনা অভিযানে অস্ত্র-গুলি ও চাঁদার রশিদ উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইউপিডিএফের (মূল) চিফ কালেক্টর হিসেবে পরিচিত রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে সেনাবাহিনী।

শনিবার (৭ নভেম্বর) বাঘাইহাট জোনের সেনা সদস্যরা উপজেলার রানাসাবা পাড়ায় এ অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রানাসাবা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রূপেশ চাকমা পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিনটি অ্যামোনিশন, একটি দেশীয় চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চার্জার ও কভার, টাকা সংগ্রহের একটি কালো ব্যাগ, লাইটারের একটি ব্যাটারি, চারটি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের সাতটি রশিদ বই, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফের (মূল) চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের কার্যক্রম চলবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন