ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

মৌলভীবাজারে এক মাসে ১৫ বন্যপ্রাণী উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৩, ৬ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে এক মাসে ১৫ বন্যপ্রাণী উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে এক মাসে বিভিন্ন প্রজাতির ১৫টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। অজগর থেকে বিষধর পদ্মা গোখরা, মুখপোড়া হনুমান থেকে শঙ্খিনী—বিভিন্ন প্রজাতির এসব প্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সবুজে ঘেরা চা-বাগান এলাকায় গত এক মাসে একের পর এক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে তারা প্রাণীগুলোকে না মেরে খবর দেন ফাউন্ডেশনকে। খবর পেয়ে উদ্ধারকারী দল ছুটে গিয়ে প্রাণীগুলো উদ্ধার করে।

২০২৬ সালের ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে অজগর, মুখপোড়া হনুমান, দাঁড়াশ, বিষধর পদ্মা গোখরা, ফণিমনসা, বেত আঁচড়া ও শঙ্খিনী সাপ।

আমরইলছড়া, উত্তর ভাড়াউড়া, দক্ষিণ রামপুর চা-বাগান, নোয়াগাঁও, সবুজ বাজার, রাজু মিয়ার বাড়ি, ভুরভুরি চা-বাগান, সিন্দুরখান সড়ক ও রাধানগর সড়ক এলাকা থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।

কোথাও সাপ ঢুকে পড়েছিল বসতবাড়িতে। কোথাও বৈদ্যুতিক তারে আটকে ছিল হনুমান। আবার কোথাও অজগর ঢুকে পড়েছিল মুরগির খামারে। প্রতিটি খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে ছুটে যান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ বলেন, ‘আমরা চাই, মানুষ ও বন্যপ্রাণী—দুজনেই বেঁচে থাকুক। সাপ দেখলেই মেরে ফেলবেন না। আমাদের খবর দেবেন। আমরা নিরাপদে উদ্ধার করে বনে অবমুক্ত করি।’

তারা আরও জানান, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে ফাউন্ডেশনকে জানানো উচিত। সচেতনতা ও দ্রুত খবর দেওয়ার মাধ্যমে প্রাণীগুলোকে নিরাপদে উদ্ধার করা সম্ভব।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন