ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

৪ হাজার কোটি টাকার দুই প্রকল্প উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫০, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৯, ৪ নভেম্বর ২০২৬

৪ হাজার কোটি টাকার দুই প্রকল্প উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো মোংলা বন্দরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর সফরে বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এবারের সফরে বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের দুটি আধুনিক কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, টার্মিনাল অপারেটিং সিস্টেম ও আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম যুক্ত করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরে পণ্য খালাসের গতি বাড়বে। পাশাপাশি ঘণ্টায় ৩০টির বেশি এবং বছরে প্রায় ৪ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে এ উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। পরে গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি সই হয়।

মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বন্দরের উন্নয়নে চ্যানেলের নাব্যতা বাড়াতে নিয়মিত ড্রেজিং, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণ প্রয়োজন।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এতে আইসিডি থেকে রেলপথে পণ্য বন্দরে আনা এবং সেখান থেকে জাহাজে পরিবহন করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম। তিনি বলেন, সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের কর্মসূচি শেষে সড়কপথে বাগেরহাট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হজরত খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন। পরে খুলনায় গিয়ে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার পরিবহন ও পণ্য ওঠানামার সক্ষমতা বাড়বে। এতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন