ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩৩, ৩ নভেম্বর ২০২৬

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

ছবি : ঢাকা এক্সপ্রেস

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির উসকানিদাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ৩৮৫ জনের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, নিরাপদ নগরী গড়ে তোলা ও কিশোর অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন