ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

অবিবাহিতদের জন্য ফিনল্যান্ডে বিনা খরচে ডেটের আয়োজন!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:২১, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৮, ৩ নভেম্বর ২০২৬

অবিবাহিতদের জন্য ফিনল্যান্ডে বিনা খরচে ডেটের আয়োজন!

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে এবার অবিবাহিতদের জন্য থাকছে ব্যতিক্রমী এক আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিতকে সব খরচ বহন করে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। সেখানে স্থানীয় অবিবাহিতদের সঙ্গে ব্লাইন্ড ডেটের পাশাপাশি ফিনিশ খাবার ও সংস্কৃতির স্বাদ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের এ প্রচারণা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি।

আয়োজনে অংশগ্রহণকারীরা বুনো মাছ, বেরি ও বনে সংগ্রহ করা মাশরুমসহ বিভিন্ন আঞ্চলিক খাবার চেখে দেখার সুযোগ পাবেন। দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফ এসব খাবার দিয়ে বিশেষ মেনু তৈরি করবেন।

সফরের অন্যতম আকর্ষণ হবে বিশেষ গ্রুপ ডিনার ডেট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিংকি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা স্থানীয় ফিনিশ অবিবাহিতদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণনের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার দেশটির সুখী জীবনযাত্রার প্রতিফলন। এর মাধ্যমে স্থান, ঋতু ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগ তৈরি হয়। খাবার ফিনিশদের একত্র করে। এবার ভ্রমণকারীদেরও ভিন্ন এক অভিজ্ঞতার মাধ্যমে সেই আনন্দে যুক্ত করতে চান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, ফিনল্যান্ডের ‘সিঙ্ককোরি’ বা ‘সিঙ্গল বাস্কেট’ নামের ডেটিং প্রবণতা থেকেই এ আয়োজনের ধারণা এসেছে। দেশটির কয়েকটি সুপারমার্কেট চেইন অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি শপিং ঝুড়ি চালু করেছে। এসব ঝুড়ি ব্যবহারের মাধ্যমে ক্রেতারা সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, তাঁরা নতুন মানুষের সঙ্গে কথা বলতে বা ডেটিংয়ে আগ্রহী।

ফিনল্যান্ডের পর্যটন বিভাগ জানিয়েছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ফিনিশ রন্ধনশৈলী এখনো তুলনামূলকভাবে কম পরিচিত।

হেলি হিমেনেজের ভাষ্য, সনা থেকে শুরু করে বনে খাবার সংগ্রহ—ফিনিশ রন্ধনশৈলীতে রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প। ভ্রমণকারীরা যেন সেই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করতে পারেন, সেটিই এ আয়োজনের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে অংশগ্রহণকারীরা হয়তো প্রেম খুঁজে পাবেন—একে অপরের সঙ্গে, ফিনিশ খাবারের সঙ্গে কিংবা নিজেদের নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের সঙ্গে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন