ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:১৪, ১১ অক্টোবর ২০২৬

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

ছবি: সংগৃহীত

ব্যস্ত কর্মজীবনের কারণে ঘুমের ঘাটতি এখন জাপানে বেশ সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে দেশটির রাজধানী টোকিওতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক ঘুমের প্রতিযোগিতা।

‘ম্যাট্রেস রেস’ নামের এ প্রতিযোগিতায় অংশ নেন কয়েক ডজন মানুষ। যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া এবং সবচেয়ে গভীর ও প্রশান্ত ঘুম নিশ্চিত করাই ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য।

প্রতিযোগীদের আরামদায়ক ম্যাট্রেসে শুয়ে থাকতে দেওয়া হয়। ঘুম পর্যবেক্ষণের জন্য তাদের মাথায় লাগানো ছিল বিশেষ যন্ত্র। প্রতিযোগীরা সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ পান। তাদের কেউ কেউ ঘুমানোর সময় সঙ্গে নরম খেলনাও নিয়ে গিয়েছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ ইয়েনের বেশি, যা প্রায় ১৪ হাজার মার্কিন ডলারের সমান।

কত দ্রুত একজন প্রতিযোগী ঘুমিয়ে পড়েছেন এবং তার ঘুম কতটা গভীর ও প্রশান্ত ছিল, এসব বিষয় বিবেচনায় নিয়ে বিজয়ী নির্বাচন করা হয়।

কোয়ালা স্লিপ জাপানের ক্রিয়েটিভ ডিরেক্টর রিইচিরো নাকামা বলেন, ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মানুষকে পর্যাপ্ত বিশ্রাম নিতে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২১ সালের তথ্য অনুযায়ী, জাপানের মানুষ প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ২৪ মিনিট ঘুমান। সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে এটিই সর্বনিম্ন গড় ঘুমের সময়।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণ এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকা জাপানিদের ঘুমের ঘাটতির অন্যতম প্রধান কারণ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন