শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সী গেমার ক্যাথ বোয়ি টুইচে সবচেয়ে বয়স্ক নারী ফোর্টনাইট স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। ‘গ্রাম্পিগ্রান৪৮’ নামে পরিচিত ক্যাথ প্রায় ৯ বছর ধরে অনলাইনে নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করে আসছেন।
স্কটল্যান্ডে ক্যাথের বাড়ি। এর আগেও গেম খেলেছেন তিনি। তবে তখন গেম খেলার প্রতি তার তেমন আগ্রহ ছিল না। পরে ১৭ বছর বয়সী নাতির মাধ্যমে ফোর্টনাইটের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে গেমটির প্রতি আগ্রহ তৈরি হয় ক্যাথের। এরপর বয়সকে বাধা না মেনে নিয়মিত ফোর্টনাইট খেলে গেছেন ৭৮ বছর বয়সী এই নারী।
ক্যাথ যে এত দিন ফোর্টনাইট খেলবেন এবং একসময় এতটা জনপ্রিয় হয়ে উঠবেন, তা শুরুতে ভাবতে পারেনি তার নাতিও। ক্যাথ বলেন, ‘ও ছোট একটি ছেলে। সে তো কিছুতেই বিশ্বাস করছিল না যে তার দাদি এমন কিছু করতে পারে। বলেছিল, কেউ আমার সঙ্গে খেলবে না। এতেই আমার জিদ চেপে যায়। ওকে দেখাতে চেয়েছিলাম, আমিও পারি।’
ক্যাথ আরও জানান, অন্য কয়েকটি গেম খেললেও ফোর্টনাইটের মতো আকর্ষণ অন্য কোনো গেমের প্রতি অনুভব করেননি তিনি। তাই নিজেকে শুধু গেমার নয়, বরং ‘ফোর্টনাইটার’ বলতেই বেশি পছন্দ করেন।
‘গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস গেমার এডিশন ২০২৭’-এ জায়গা পাওয়াকে নিজের দীর্ঘদিনের স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন ক্যাথ। তার ভাষায়, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের।
ঢাকা এক্সপ্রেস/এসএস