শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২০:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় করা মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির তিনটি দাঁত পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়। পরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার অন্য আসামিরা আগেই গ্রেপ্তার হলেও প্রধান আসামি ফয়সাল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, গ্রেপ্তার ফয়সালকে এসআরবি-৮ পুলিশে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই