শিরোনাম
প্রকাশ: ১৬:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভিকটিম—পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। এ ঘটনায় জিডি বা মামলা করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই মামলা হতে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, শনিবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন। সেখানে চাঁদা না দেওয়ার কারণে স্টুডিওতে হামলা হয়েছে বলে অভিযোগ করেন সালমান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, কেউ তাঁর কাছে চাঁদা দাবি করেনি। চাঁদা চাইলে তিনি দিতেন বলেও জানিয়েছেন।
এ কারণে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি।
সালমানের বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করার বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঢালাও অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি। নির্দিষ্ট অভিযোগে মামলা হলে পুলিশ তা তদন্ত করে দেখবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জায়গাটি দখল করতে যায়। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনাও ছিল। সেখানে কনটেন্ট তৈরির কাজ হতো বলে ধারণা করা হচ্ছে। ওই স্থাপনাতেও ভাঙচুর হয়েছে।
মন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে প্রাথমিক তদন্ত হয়েছে। তবে বিস্তারিত জানতে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।
তিনি জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ফেসবুক লাইভের বিভিন্ন বক্তব্যের কারণে ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই