ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

জাসদ কার্যালয়ে ডিএমপির অভিযান, অর্ধশতাধিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে ডিএমপির অভিযান, অর্ধশতাধিক আটক

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তান জিপিও মোড়ে অবস্থিত জাসদের প্রধান কার্যালয়ে এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বহিরাগত অনেকের অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে বৈঠক চলছিল বলেও সন্দেহ করা হয়।

তিনি বলেন, এসব তথ্যের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে।

ডিসি আকতার হোসেন আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পাওয়া তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন