ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

৫ ঘণ্টা রেল অবরোধের পর মিরজাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৫ ঘণ্টা রেল অবরোধের পর মিরজাগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে দুই মাসের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে মানববন্ধন ও রেলপথ অবরোধ শুরু হয়। এতে স্থানীয় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটিতে এবং খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকে থাকে। কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে মিরজাগঞ্জ স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাবিরতি নেই। ফলে স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবাও ব্যাহত হচ্ছে।

পরে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডোমার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অবরোধ প্রত্যাহারের পর দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন