ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আমতলী থানা পুলিশের ৭ দফা নির্দেশনা

মহিবউল্লাহ কিরন, বরগুনা

প্রকাশ: ১৭:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আমতলী থানা পুলিশের ৭ দফা নির্দেশনা

ছবি: ঢাকা এক্সপ্রেস

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আমতলী থানায় বিশেষ মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থানা এলাকার ১৬টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নির্বিঘ্নে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ৭দফা নির্দেশনা দেয়া হয়।

১.প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় আইডি কার্ডধারী পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। রাতের বেলায় মণ্ডপের নিরাপত্তায় বিশেষ ডিউটির ব্যবস্থা রাখতে হবে।

২.নিরাপত্তা জোরদার করতে প্রতিটি মণ্ডপে এবং প্রবেশদ্বারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

৩. সার্বক্ষণিক বিদ্যুতের জন্য বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সিলিন্ডার, বালু ও পানির ব্যবস্থা রাখতে হবে।

৪.যেকোনো অপ্রীতিকর ঘটনা বা গুজবের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা আমতলী থানা পুলিশের ইনচার্জ ওসি'র অফিসিয়াল (০১৩২০১৫৬১৮৭) নম্বরে যোগাযোগ এবং পারস্পরিক তথ্য আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত হয়।

৫.ধর্মীয় শালীনতা বজায় রেখে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে। বিশেষ করে আজান ও নামাজের সময় মাইক সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

 ৬.পূজামণ্ডপ ও তার আশপাশের এলাকায় মাদক সেবন, বিক্রি এবং জুয়ার আসর সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

৭.প্রতিমা তৈরি থেকে উৎসবের শেষ পর্যন্ত ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

সভায় থানা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

উপজেলা নেতৃবৃন্দ ও মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ প্রশাসনের এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উপহার দিতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন