ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

পরিচ্ছন্ন আমতলী গড়তে পৌরসভার বিশেষ অভিযান

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিচ্ছন্ন আমতলী গড়তে পৌরসভার বিশেষ অভিযান

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করতে সকল ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত চন্দ্র দাস।

এ সময় তারা নিজে উপস্থিত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাস্তা, ড্রেন ও বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে নতুন ডাস্টবিন স্থাপন করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশীদ, খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন টিপু সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও এনএসএস ইয়ুথ গ্রুপের সদস্যরাও অংশ নেন।

এ সময় পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান ব্যবসায়ী ও পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ও নির্ধারিত স্থানে ময়লা ফেলুন। আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা রাখলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে নিয়মিত ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট ভাগাড়ে ফেলে দেবে।"

তিনি আরও বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন আমতলী গড়তে প্রশাসনের পাশাপাশি সকল নাগরিকের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন