শিরোনাম
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী যুগলকে অপ্রীতিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদ্রাসার মসজিদসংলগ্ন একটি কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।
সূত্র জানায়, গত সাতদিন ধরে ওই শিক্ষার্থী যুগল রাতে স্থানীয় এলাকার একটি বাগানে আসা-যাওয়া করছিলেন। স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে রাখলেও এতদিন তাদের আটক করতে পারেননি।
শুক্রবার রাত ৮টার পর বাগানের ভেতর দুই ঘরের মাঝামাঝি স্থানে অবস্থানকালে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ওই দুই শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে উভয় শিক্ষার্থীর লিখিত সম্মতির ভিত্তিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল বডি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে তাদের বিয়ে দেওয়ার কথা রয়েছে।
আটক ছাত্র বলেন, ‘গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তাছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমরা তাদের উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই দুই শিক্ষার্থীর পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করবো।’
ঢাকা এক্সপ্রেস/এসআই