ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩, ০৮ রবিউস সানি ১৪৪৮

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৪:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর ফেসবুকে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়। সেখানে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

এরপর সাজ্জাদকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হৃদয় বলেন, ‘হ্যাঁ, শোকজের ঘটনাটি সত্য। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের প্রতি আমি সবসময় অনুগত। আর শোকজের বিষয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই কেন্দ্রকে ব্যাখ্যা দেব।’

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন