শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১১:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
যশোরের অভয়নগরে হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভয়নগর থানার একটি হত্যা মামলায় রমজান (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়।
এসময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান এবং সাত রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পিস্তলটি সচল। এটির দৈর্ঘ্য সাত ইঞ্চি। দেশীয় ওয়ান শুটার গানটির দৈর্ঘ্য নয় ইঞ্চি এবং এতে ফায়ারিং পিন ও ট্রিগার রয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলোর প্রতিটির পেছনে ইংরেজিতে ‘কেএফ ৭.৬৫’ লেখা রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মো. বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম হাঁটুর ওপর গুলির ক্ষতচিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। ৭ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ১০। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই মামলায় গ্রেপ্তার রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র-গুলি ও গ্রেপ্তার আসামি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস