ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

ময়মনসিংহে বালু ব্যবসার বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে বালু ব্যবসার বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

মো. জামান। ছবি: ঢাকা এক্সপ্রেস

ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অপর একটি পক্ষের সঙ্গে জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে কোথাও যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন