শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩৯, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪০, ১৫ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। অন্যদিকে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ২৬৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই