ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

ধানমন্ডিতে ফুটপাত দখল করে হকার বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে ফুটপাত দখল করে হকার বসানো যাবে না: ডিএসসিসি প্রশাসক

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর ধানমন্ডিতে নির্ধারিত সীমানার বাইরে ব্যবসা পরিচালনা না করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি আবাসিক এলাকা হলেও সেখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে নিজ নিজ নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন