ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

অপরাধ দমনে কোম্পানীগঞ্জ থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

নোয়াখালী প্রতিনিধি:

প্রকাশ: ১৯:১৯, ১৫ নভেম্বর ২০২৬

অপরাধ দমনে কোম্পানীগঞ্জ থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। অপরাধসংক্রান্ত তথ্য ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে পৌঁছে দিতে থানার প্রধান ফটকে স্থাপন করা হয়েছে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স’।

ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বাক্সে মাদক ব্যবসা ও সেবন, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপরাধচক্র, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধের তথ্য জানাতে পারবেন সাধারণ মানুষ।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ দেখলে নীরব না থেকে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

ওসি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। তবে সামাজিক অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী পরিবারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ উপজেলার অধিকাংশ পরিবারের কেউ না কেউ প্রবাসে থাকেন। অনেক ক্ষেত্রে প্রবাসী বাবার সন্তানেরা সরাসরি অভিভাবকত্ব ও তদারকি থেকে বঞ্চিত হয়। এ সুযোগে তাদের কেউ কেউ কিশোর অপরাধ, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

এ পরিস্থিতি থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান ওসি। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলেন।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে কোথাও ছোট-বড় কোনো অপরাধ ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাধারণ মানুষের দেওয়া তথ্য অপরাধী শনাক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাদকের পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওসি। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে অনলাইন জুয়া খেলার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

এ ছাড়া নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার অপরাধ, মাদক সেবন এবং অপরাধপ্রবণ আড্ডা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের আহ্বানও জানান।

ওসি হাবিবুর রহমান বলেন, একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে পুলিশ কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশ, পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়বে এবং অপরাধ দমনে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন