ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, পিটিয়ে বৃদ্ধকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯:১২, ১৪ নভেম্বর ২০২৬

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, পিটিয়ে বৃদ্ধকে হত্যা

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন কয়েকজন শিশুকে নিয়ে বাড়ির পাশে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান।

পরে হাবীব বল আনতে গেলে রওশন আরা বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাঁদের একটি পানির বালতি নিয়ে যায়। এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিতে এবং বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭-৮ জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।

এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে মীর হোসেনকে মারধর করা হয়। অভিযোগ, ফয়সাল লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার (১৫ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন