ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৯, ১৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনায় রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী ও খাগড়াছড়ির রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়।

একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। এর মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি যাতায়াত শুরু করেন।

এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে তাকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই ফোন পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে যান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা।

ঘটনাটি ধামাচাপা দিতে পাশের একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মরদেহ কম্বল মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তা ও অপর আসামিরা। গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামের ডাবল মুরিং এলাকা থেকে সেলিমকে আটক করা হয়। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন