ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

একই কক্ষে বাবাসহ যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩০, ১৪ নভেম্বর ২০২৬

একই কক্ষে বাবাসহ যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তার সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ার বদি আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। নিহত দুই যমজ কন্যাশিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তাদের বয়স সাত মাস।

বাবা ও দুই মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক মো. কাউসার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। জুমার নামাজের পর জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে যমজ দুই সন্তান ও জাহেদ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই সন্তানদের বাড়িতে রেখে যান তিনি। বিকেলে বাড়ি ফিরে তারা ঘরের চারপাশের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে বাবা তার যমজ দুই কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যেতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন