ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বিপর্যয়ে বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৬, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৩০, ১৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বিপর্যয়ে বিমান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ ব্যবস্থার গুরুতর ত্রুটির কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে চার ঘণ্টার বেশি সময় বিমান চলাচল স্থগিত রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ স্থগিতাদেশ প্রত্যাহার করে দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ)।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী ফ্লাইট স্থগিতের ঘটনা ঘটল।

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট স্থগিতের ঘটনায় বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় বিমান সংস্থাগুলো এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করে এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত করে। তবে আকাশে থাকা হাজার হাজার বিমানকে নিরাপদে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা বিমানগুলোর উড্ডয়ন পুরোপুরি বন্ধ রাখা হয়।

এ বিপর্যয়ের প্রভাব দ্রুতই যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলোর ওপরও পড়ে। এসব ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এ প্রযুক্তিগত ত্রুটির পেছনে কোনো সাইবার হামলার সুনির্দিষ্ট লক্ষণ পাওয়া যায়নি।

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, ‘এখনো এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি আমাদের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যপ্রণোদিত হামলা। এই মুহূর্তে এটি কেবলই একটি টেলিযোগাযোগ বিপর্যয়।’

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

মুলিন বলেন, জনগণের আতঙ্কিত হওয়ার বা প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি নতুন কোনো ৯/১১ নয়।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিভাগ।

মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি, যোগাযোগ বিপর্যয়, নিয়ন্ত্রকের সংকট ও পুরোনো অবকাঠামোর জীর্ণ দশা নিয়ে উদ্বেগ রয়েছে। সর্বশেষ ফ্লাইট বিপর্যয়কে এসব সমস্যার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এফএএর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তির বড় একটি অংশ বহু দশকের পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ দেশের ৪০০টিরও বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য জরুরি তথ্য সরবরাহে ব্যবহৃত পুরোনো ফ্লপি ডিস্কের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেবে তারা।

বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—সব জায়গার বিমানবন্দরের বহির্গমন টার্মিনালগুলো যাত্রীদের ভিড়ে পূর্ণ ছিল। ডিসপ্লে বোর্ডে একের পর এক ফ্লাইটের বিলম্ব ও বাতিলের খবর দেখানো হচ্ছিল। বিমানগুলোও পার্কিং গেটে স্থির হয়ে ছিল।

৪৭ বছর বয়সী লুইস ম্যাহের বলেন, ‘আমার মনে হচ্ছে যেকোনো মুহূর্তে আমি কেঁদে ফেলব, তবে এখনো কাঁদছি না।’ ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নিষেধাজ্ঞার কারণে বিলম্বিত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হলেও শুক্রবার রাতে নেওয়ার্ক থেকে লন্ডনে যাওয়ার আশা ছাড়েননি তিনি।

ফ্লাইট স্থগিতের কারণে গন্তব্যে পৌঁছানো বিমানগুলোও ট্যাক্সিওয়েতে আটকা পড়ে। কারণ, বিমানবন্দরগুলোর পার্কিং গেট আগে থেকেই পূর্ণ ছিল।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই আকাশসীমায় গত কয়েক বছরে বেশ কয়েকটি বিপর্যয় ঘটেছে। এসব ঘটনায় বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তাঝুঁকিও তৈরি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে আকাশে দুটি বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

যুক্তরাষ্ট্রের পুরোনো বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদনের জন্য গত শুক্রবার হোয়াইট হাউস ও পরিবহন বিভাগ কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।

এফএএ স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০টা ৫৪ মিনিট) দেশব্যাপী এ উড্ডয়ন স্থগিতের নির্দেশ জারি করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এ নির্দেশ জারির সময় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর উদ্দেশে আকাশে ৪ হাজার ৪২টি ফ্লাইট চলাচল করছিল। এ ঘোষণার ঠিক আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সমস্যার কারণে শিকাগোতেও সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল এফএএ।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশব্যাপী এ ধরনের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। সে সময় এফএএ দুই ঘণ্টারও কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রেখেছিল।

চলতি মাসে ইউরোপজুড়ে অসংখ্য যাত্রীবাহী বিমানে বোমা হামলার ভুয়া হুমকির কারণে ফ্লাইটগুলোকে জরুরি অবতরণ করানো এবং যুদ্ধবিমান দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রে এ প্রযুক্তিগত বিপর্যয় ঘটল।

তবে মার্কিন যোগাযোগ ব্যবস্থার এ ত্রুটির সঙ্গে ওই ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসও শুক্রবার জানিয়েছে, তারা দেশব্যাপী ইন্টারনেট ও যোগাযোগের সমস্যায় পড়েছে। এ দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন