ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কাযর্ত শেষ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩৯, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৪০, ১০ নভেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কাযর্ত শেষ হয়েছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কার্যত শেষ হয়ে এসেছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান পরিস্থিতি বজায় রেখে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আমরা এমনটা করছি।’

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারের প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক আলোচনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করতে সম্প্রতি ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও বহাল থাকবে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ আঞ্চলিক মিত্র দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধের ধারাবাহিকতা।

প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই মুহূর্তে সামরিক পদক্ষেপ খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আমরা যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত।’

ট্রাম্প আরও বলেন, ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের হুমকি থেকে সুরক্ষিত রাখা হয়েছে এবং সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে। তার ধারণা, খুব শিগগিরই যুদ্ধ শেষ হতে পারে।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের তাস গুটিয়ে নিন। কল্পিত আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন এক পরিস্থিতির অবসান চেয়েছেন, যেটিকে তিনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, ‘আমরা শক্তি প্রয়োগ ও দাদাগিরির কাছে আত্মসমর্পণ করব না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পরপরই ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়।

এ ছাড়া মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।

এদিকে সংঘাতের বিস্তৃত প্রভাবে সৌদি আরব ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করেছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারত্ব এবং প্রাণঘাতী বিমান হামলাও আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুদ্ধ শুরুর প্রায় নয় মাসের মাথায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলার ঘোষণা দেয়। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে।

এর আগে ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি। অন্যদিকে, ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতি এবং লেবাননে ইসরায়েলি হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

সংঘাত নিরসনে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতা করছেন।

সোমবারের রুদ্ধদ্বার বৈঠকে তিনি যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া দুই দিনের একটি প্রস্তাব ট্রাম্পের কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে।

বৈঠকের পর সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, সংঘাতের অবসান ঘোষণা করে বিষয়টি এখানেই শেষ করে দেওয়া হচ্ছে না কেন?

জবাবে ট্রাম্প বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই অবরোধ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি স্বল্পমেয়াদি সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন।

ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়।’

তিনি আরও বলেন, ছয় মাস আগের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ। তবে ইরান এখনো মধ্যপ্রাচ্যে কিছুটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন