শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:০৬, ৬ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে একই দিনে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মঙ্গোলপুরির একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। অন্যদিকে, করোলবাগের ব্যস্ত গাফফার মার্কেটের একটি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শুক্রবার (৬ নভেম্বর) সকালে করোলবাগের গাফফার মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেইন ওয়ালি গলির পুরি প্লাজায় আগুন লাগে। ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
আগুন নেভাতে ২২টি ইউনিট কাজ করে। পাশাপাশি পানি সরবরাহের জন্য অতিরিক্ত গাড়ি ও আলোর সরঞ্জাম পাঠানো হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় থাকা একটি মোবাইল ফোনের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে কোনো ব্যাটারি থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ভবন ঠান্ডা করার কাজ শেষ হওয়ার পর আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিল্লির মঙ্গোলপুরি শিল্প এলাকার প্রথম ধাপের বি-২৯৩/২৯৪ নম্বর জুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানাটিতে ২০ থেকে ২৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৮ থেকে ১৯ জন বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ছয়জন ভেতরে আটকা পড়েন। পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস