ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

গোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৪, ৬ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্বের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

এ সময় তিনি বাংলাদেশ গণিত সমিতি ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মেধার বিকাশে গণিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত অলিম্পিয়াড মেধা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের প্রতিনিধি নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। বরিশাল অঞ্চলের ১১টি জেলার চারটি সরকারি ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন শেষে বিকেল ৩টায় ফল প্রকাশ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অলিম্পিয়াডের বরিশাল পর্বে কনভেনরের দায়িত্ব পালন করেন গোবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম।

আয়োজনের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে তারা আনন্দিত। এ আয়োজনে সবার সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় পরিসরে গণিত উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির ভাইস প্রেসিডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা।  

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন