শিরোনাম
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৩, ৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে ধীরে ধীরে নিজেদের অবস্থান এগিয়ে নিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলে সাত ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি। সংস্থাটির সর্বশেষ র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেকৃবির অবস্থান ২৪৭তম। এর আগের সংস্করণে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ২৫৪তম।
এদিকে, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের মূল তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে শেকৃবি। সেখানে ৮০১-৮৫০তম অবস্থানের ব্যান্ডে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
কিউএসের তথ্য অনুযায়ী, শিক্ষা ও গবেষণার মান, গবেষণাপত্রের সাইটেশন, অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আদান-প্রদানসহ একাধিক সূচকের ভিত্তিতে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। চলতি বছর বাংলাদেশের ৫২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।
শিক্ষার্থীদের মতে, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে টেকসই অগ্রগতির জন্য মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা বাড়ানোর পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা এবং গবেষণাসংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়মিত হালনাগাদ করা জরুরি। তাঁদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সক্ষমতা থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অর্জন যথাযথভাবে তুলে ধরা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে এতদিন কিছুটা ঘাটতি ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সক্ষমতা ও সুনামের তুলনায় আন্তর্জাতিক তালিকায় কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে সময় লেগেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে যাওয়া যায়। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের চারজন গবেষক আন্তর্জাতিক পর্যায়ে সেরা গবেষকের স্বীকৃতি পেয়েছেন। তাঁদের বিশেষভাবে পুরস্কৃত করব। আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবস্থান অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
ঢাকা এক্সপ্রেস/এসআই