ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

আলিম পরীক্ষার ফলাফলে দেশের শীর্ষে দারুননাজাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৬, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৮, ৩১ অক্টোবর ২০২৬

আলিম পরীক্ষার ফলাফলে দেশের শীর্ষে দারুননাজাত

ছবি : সংগৃহীত

২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজধানীর দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে আলিম পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।

বোর্ডের গড় পাসের হারের তুলনায় দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার পাসের হার ৩৭ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট বেশি।

প্রতিষ্ঠানটির চারটি শাখার মধ্যে দারুননাজাত তাখসিসি শাখা ও মাদরাসা কিতাব বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাখসিসি শাখায় ১০৯ জনের মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে কিতাব বিভাগে ৫৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

এ ছাড়া মহিলা শাখায় ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ২১ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২১৩ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছে চারজন। সাধারণ বিভাগে ১ হাজার ৭৮ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫০৫ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছে ১৪ জন।

অন্যদিকে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার যাত্রাবাড়ী, টঙ্গী ও মহিলা শাখার সম্মিলিত পাসের হার ৯৭ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ২৭ দশমিক ৪০ শতাংশ। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।

দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা, গভর্নিং বডির দক্ষ পরিচালনা এবং এলাকাবাসীর সহযোগিতা এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। মাদরাসার শিক্ষার পরিবেশ ও সাফল্য আরও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন