শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৮, ৩১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে এ গোলাগুলি শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিকেল ৪টার দিকে দুই পক্ষের গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে দুই সশস্ত্র গোষ্ঠীর বিরোধের জেরে সাজেকে বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে। গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। তাদের দাবি, সাজেক থেকে পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে।
অবরোধের কারণে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। তবে সোমবার থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরুর কথা জানিয়েছে তারা।
নিরাপত্তাঝুঁকির কারণে গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রেখেছে রাঙামাটি জেলা প্রশাসন। এর আগে অবরোধের কারণে সেখানে আটকা পড়েছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।
ঢাকা এক্সপ্রেস/এসআই