শিরোনাম
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩১, ৩১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। করোনা মহামারির সময় ২০২০ সালে অটোপাসের পর এবারই পাসের হার সর্বনিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন।
বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এবার ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। এ বছর বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন এবং মেয়ে ২ হাজার ৫৫৫ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা চলাকালে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বিভাগের আট জেলায় এবার মাত্র ৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
এ বোর্ডে ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। এ কারণে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস