শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৫, ৩১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শিশু-কিশোরদের খেলার জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা করতে চাঁদা তুলে ৬০ শতাংশ জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একটি গ্রামের বাসিন্দারা। দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জমি বুঝে পাওয়ার পর থেকে গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাঠটির উদ্বোধন করা হয়।
প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। সেখানে ৭০০-এর বেশি পরিবার রয়েছে। এতদিন গ্রামটিতে শিশু-কিশোর ও তরুণদের খেলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না।
খেলার মাঠের জন্য জমি কেনার অন্যতম উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদ জানান, গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলমের সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নেওয়া হয়। পরে এলাকার বিত্তবানরা আগ্রহ দেখালে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
খোরশেদ আলম বলেন, জমি কেনার জন্য গ্রামের সবার কাছে অর্থসহায়তা চাওয়া হয়। গ্রামবাসীর কেউ ২০০, কেউ ৫০০, কেউ ১ হাজার টাকা দিয়েছেন। আবার কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী ২ হাজার, ৫ হাজার ও ১০ হাজার টাকা পর্যন্ত সহায়তা করেছেন। এমনকি যাঁর কাছ থেকে জমি কেনা হয়েছে, সেই ইকবাল হোসেন সুজনও ১ শতাংশ জমি দান করেছেন। ফলে তাকে ৫৯ শতাংশ জমির জন্য ৩০ লাখ ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে।
গ্রামের কিশোররা জানায়, ধান কাটার পর তারা মাঠে খেলতে পারত। কিন্তু ফসল চাষের মৌসুম শুরু হলে মাঠের অভাবে আর খেলার সুযোগ থাকত না।
ঢাকা এক্সপ্রেস/এসএস