শিরোনাম
প্রকাশ: ১৪:১৮, ৩১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে বিশ্ব চলচ্চিত্রে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে। সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘গ্যাপ’ মুক্তির জন্য প্রস্তুত। আজ ৩১ অক্টোবর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি পাবে।
মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত চলচ্চিত্রটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে কোনো দৃশ্য কর্তন ছাড়াই প্রদর্শনের অনুমতি পেয়েছে। বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
‘গ্যাপ’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি ও জাহাঙ্গীর আলমসহ অনেকে।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। সম্পূর্ণ এআই প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকেই বিষয়টিকে অসম্ভব মনে করেছিলেন। তবে দীর্ঘদিনের পরিশ্রম ও আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহারের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, চলচ্চিত্রটি কোনো দৃশ্য কর্তন ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পাওয়ায় নির্মাতাদের জন্য এটি বড় স্বীকৃতি। সীমিত বাজেট ও জনবল নিয়েও বিশ্বমানের কাজ করা সম্ভব, ‘গ্যাপ’ তার উদাহরণ। সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটির চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন, আবহসংগীত ও ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রযুক্তি ও চলচ্চিত্র নির্মাণের এই সমন্বয় দেশের নির্মাতাদের মধ্যে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে। পাশাপাশি তরুণ নির্মাতারাও চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হবেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই