শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৭, ২৭ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ, যিনি বিপি সিংহ নামে পরিচিত, মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিপি সিংহের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান পরিচালক অশোক পণ্ডিত। শোক প্রকাশ করে তিনি লেখেন, দক্ষ এই প্রযোজক ও পরিচালকের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।
অশোক পণ্ডিত আরও জানান, ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি থাকাকালে বিপি সিংহের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। বিপি সিংহকে অসাধারণ মানুষ ও প্রিয় বন্ধু হিসেবে স্মরণ করে তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানান তিনি। বিপি সিংহের শেষকৃত্য ২৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেহরাদুনে জন্ম নেওয়া বিপি সিংহ ভারতীয় টেলিভিশন জগতে বিশেষ পরিচিতি পান অপরাধভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’র মাধ্যমে। ১৯৯৮ সালে প্রচার শুরু হওয়া সিরিজটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মুম্বাইয়ের অপরাধ দমন শাখার একটি তদন্তকারী দলকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে টেলিভিশন দর্শকদের আকৃষ্ট করেছে।
অপরাধের রহস্য উন্মোচন, তদন্তের নানা কৌশল এবং আকর্ষণীয় চরিত্রের কারণে ‘সিআইডি’ ব্যাপক জনপ্রিয়তা পায়। ধারাবাহিকটির প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন বিপি সিংহ। তাঁকে এতে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রে দেখা গেছে।
‘সিআইডি’ ছাড়াও ভৌতিক গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘আহট’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’।
ভারতীয় টেলিভিশনে অপরাধ ও রহস্যনির্ভর ধারাবাহিকের জনপ্রিয়তা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিপি সিংহ। তাঁর মৃত্যুতে দেশটির টেলিভিশন ও বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই