শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৯, ২৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহে ৯৭, চট্টগ্রামে ২৪১, খুলনায় ২৫০, রাজশাহীতে ২২৯, রংপুরে ১১২, বরিশালে ২১৭ এবং সিলেটে ২৬ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। আর ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর এ রোগে মৃত্যু হয় ৪১৩ জনের। এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
ঢাকা এক্সপ্রেস/এসআই