ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পতিত শক্তির অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৭, ২৫ অক্টোবর ২০২৬

পতিত শক্তির অপতৎপরতা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত শক্তি। তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জেনেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পাহাড়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদে রয়েছেন, তা বিবেচনা করা হবে না। আইনের চোখে সবাই সমান।

সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন