ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ধলাই নদীতে শত বছরের ঐতিহ্য পলো বাওয়া উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৬, ২৫ অক্টোবর ২০২৬

ধলাই নদীতে শত বছরের ঐতিহ্য পলো বাওয়া উৎসব

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীকে ঘিরে শত বছরেরও বেশি সময় ধরে চলে আসছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। সেই ধারাবাহিকতায় এবারও নদীতে মাছ ধরার এ উৎসবে মেতে ওঠেন দুই শতাধিক শৌখিন মাছ শিকারি।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মিরতিংগা চা বাগানসংলগ্ন ধলাই নদীর স্টিল ব্রিজের উজান থেকে উৎসব শুরু হয়। দুপুর থেকে শুরু হওয়া এ উৎসব চলে তিন থেকে চার ঘণ্টা।

উৎসবে রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবিপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন গ্রামের মাছ শিকারিরা অংশ নেন। দলবদ্ধভাবে মাছ ধরার এ উৎসব দেখতে নদীর দুই তীরে ভিড় করেন শত শত মানুষ। তাঁদের হাততালি ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর পাড়।

উৎসবে মাছ ধরার কৌশল ছিল বেশ আকর্ষণীয়। নদীর এক প্রান্তে ৩০ থেকে ৪০ জনের একটি দল সারিবদ্ধভাবে জাল নিয়ে দাঁড়ান। অন্য প্রান্ত থেকে ৪০ থেকে ৫০ জনের আরেকটি দল পলো চাপিয়ে এগিয়ে আসেন। পলোর পাশাপাশি উড়াল জাল ও প্লেইন জাল দিয়েও বিভিন্ন প্রজাতির মাছ শিকার করা হয়।

উৎসবে অংশ নিয়ে প্রবীণ মাছ শিকারি নুর মিয়া বলেন, ‘বছরের এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সবাই মিলে একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা।’

তবে নদীতে বিষ প্রয়োগে মাছ মারা যাওয়া এবং নদী-নালা, খাল-বিল ও হাওরের তলদেশ ভরাট হয়ে পানির পরিমাণ কমে যাওয়ায় এ উৎসবের জৌলুশ অনেকটাই কমেছে বলে আক্ষেপ করেন তিনি।

শৌখিন মাছ শিকারি আমির উদ্দিন ও তোতা মিয়া বলেন, দলবদ্ধভাবে মাছ শিকারের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতির ঐতিহ্য এখনো টিকে আছে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন