ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১০, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১৭, ২৫ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

গত ২ জুলাই সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা অনলাইনে, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

১. অনলাইনে: educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ড নির্বাচন করে ফল দেখা যাবে। সেখান থেকে নম্বরপত্রও ডাউনলোড করা যাবে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

৩. এসএমএসের মাধ্যমে: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর পরিবর্তে নিজের রোল নম্বর লিখতে হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন