শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৪, ১৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) শিক্ষাপ্রতিষ্ঠানের সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম। একই সঙ্গে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ছুটি থাকবে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মাউশিকে চিঠি দেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এ ছুটির সঙ্গে সমন্বয় করে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবাসহ অত্যাবশ্যকীয় সেবা ছুটির আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই