শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৫, ১৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দুর্গাপূজার ছুটিতে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশি-বিদেশি চারটি নতুন সিনেমা। শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। একই দিনে আন্তর্জাতিক মুক্তির সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে হলিউডের অ্যাকশন সিনেমা ‘স্ট্রিট ফাইটার’।
স্নেহের বন্ধন
পারিবারিক গল্প নিয়ে নির্মাতা কামরুজ্জামান নির্মাণ করেছেন ‘স্নেহের বন্ধন’। সিনেমাটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন মো. শাহ আলম।
চিরকুট
নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম, নস্টালজিয়া ও জীবনের নানা গল্প। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, সিয়াম নাসির, মাহিরা হাসানসহ অনেকে।
কাট-পিস
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘কাট-পিস’। অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের নানা দিক উঠে এসেছে সিনেমাটির গল্পে। এতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মীসহ অনেকে। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম।
স্ট্রিট ফাইটার
জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে হলিউডের অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা ‘স্ট্রিট ফাইটার’। এটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, ক্যালিনা লিয়াং ও বিদ্যুৎ জামওয়ালসহ অনেকে। আন্তর্জাতিক মুক্তির সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখা যাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই