ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৯, ১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

ছবি: ঢাকা এক্সপ্রেস

ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা হবে না। পাশাপাশি ডেঙ্গুবিরোধী অভিযানে জরিমানা থেকে আদায় করা অর্থ রোগে মৃত দুস্থ ব্যক্তিদের পরিবারের মধ্যে বিতরণের প্রস্তাব দেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি। জনগণ সচেতন না হলে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

তিনি বলেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকট। এ সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু এখন বছরজুড়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্ত নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অনেকে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালে রোগীদের জায়গার সংকটও দেখা যাচ্ছে।

তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি যাচাই করে ডেঙ্গুর ভ্যাকসিন কেনার উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি ডেঙ্গুবিরোধী অভিযানে জরিমানা থেকে আদায় করা অর্থ রোগে মৃত দুস্থ ব্যক্তিদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন তিনি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, অতীতে ডেঙ্গু চিকিৎসা, মশা মারার ওষুধ কেনা ও পরীক্ষার ফি আদায়সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলকে হারিয়ে বিজয়ী হয়েছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস এবং সাংবাদিক মো. আতিকুর রহমান, প্রতীক ইজাজ, মো. মেহেদী হাসান ও জেনিয়া কবির সূচনা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন