ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ভারত থেকে এলো ১৮টি নতুন রেলকোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪২, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৯, ১৬ অক্টোবর ২০২৬

ভারত থেকে এলো ১৮টি নতুন রেলকোচ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।

কোচগুলো বুঝে নেন প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম। রেলওয়ে সূত্র জানায়, দর্শনা স্টেশনে প্রাথমিক পরিদর্শন ও শুল্কসংক্রান্ত কার্যক্রম শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হচ্ছে।

সেখানে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও সংযোগ স্থাপনের কাজ শেষ হলে কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে। ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে।

প্রথম চালানের কোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।

পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের পর কোচগুলো যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন