ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৩, ১৬ অক্টোবর ২০২৬

আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

ছবি: ঢাকা এক্সপ্রেস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় দুর্গামন্দিরের সামনে নুরজাহান ক্লাবে এ সভার আয়োজন করে আমতলী উপজেলা শ্রীশ্রী কেন্দ্রীয় দুর্গামন্দির ও পূজা উদ্‌যাপন কমিটি।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ আমতলী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হরিঅর চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

এ ছাড়া সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, যুবদলের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, সাবেক পৌর আহ্বায়ক কবির উদ্দিন ফকির, সাবেক পৌর সদস্যসচিব জালাল আহমেদ খান, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে আমতলী উপজেলার ১৬টি পূজামণ্ডপে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন