শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৩, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৫, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলী উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে গণসংযোগ চালাচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবউল আলম মৃধা। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি গ্রাম, হাটবাজার ও বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
মাহাবুবউল আলম মৃধা হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের বাসিন্দা। ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯২-৯৩ সালে আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৩-৯৫ সালে আমতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং একই সময়ে বরগুনা জেলা ছাত্রদলের সমাজসেবাবিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
পরবর্তী সময়ে ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আমতলী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহাবুব মৃধার দাবি, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছিল। তবে এসব বাধা তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরাতে পারেনি।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কাজেও যুক্ত থাকার কথা জানিয়েছেন তাঁর অনুসারীরা। ১৯৯৯ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তর কাঠালিয়া দাখিল মাদ্রাসার সহসভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০১ সাল থেকে কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গেও যুক্ত রয়েছেন।
স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাবুব মৃধা সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবউল আলম মৃধা বলেন, নির্বাচিত হলে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করবেন তিনি। পাশাপাশি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাবৃত্তি ও পাঠাগার স্থাপন এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, কৃষক ও জেলেদের সহায়তা, যুব প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাকে অগ্রাধিকার দেবেন। এসব উদ্যোগের মাধ্যমে হলদিয়া ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই