শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০৫, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৭, ১৪ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ও আজমপুর এলাকায় সড়কে অবস্থান নেন তারা।
শ্রমিকদের অবরোধে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটে আটকে পড়েন যাত্রীরা। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।
উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা প্রথমে আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যান। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে সড়কে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
অন্যদিকে, উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই