ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪৪, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ১৪ অক্টোবর ২০২৬

‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্রের আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে আসছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা পালিয়ে যেতে সহায়তা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে চালু হলো সিআইডির সাইবার ল্যাব

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন ল্যাব চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের সুযোগ বাড়বে। এত দিন এ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন উদ্যোগের ফলে সেই নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন প্রতারণা, ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিংসহ ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধের তদন্তে প্রযুক্তিগত আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ল্যাব স্থানীয় পর্যায়ে এসব আলামত সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণে সহায়তা করবে।

এর আগে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সের অনুষ্ঠানে যোগ দেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন