শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দুই ফায়ার ফাইটার। তারা হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকার মনসুর খান প্লাজার ছয়তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই দুই ফায়ার ফাইটার। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।
অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করছিলেন ফায়ার ফাইটার জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। এ সময় আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস