শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২৮, ১৩ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। চার দিনের ব্যবধানে এবার সেই দাম থেকে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬২৪ টাকা।
ঢাকা এক্সপ্রেস/এসএস